লাশের ভ্যান চালানো সেই কনস্টেবলের হাতে পুরস্কার
রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ তুলে নিজে ভ্যান চালিয়ে থানায় নেওয়া সেই পুলিশ কনস্টেবল রুবেল মিয়াকে পুরস্কৃত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার।
রোববার কমিশনার আনোয়ার হোসেন ডেকে নিয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন বলে রুবেল মিয়া জানান।
করোনাভাইরাসে মৃত্যু হয়েছে সন্দেহে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার গভীর রাতে পড়ে থাকা লাশটির কাছে কেউ যাচ্ছিল না। খবর পেয়ে গাছা থানার পুলিশ কনস্টেবল রুবেল মিয়া মরদেহটি একটি রিকশাভ্যানে তুলে নিজে চালিয়ে থানায় নিয়ে যান।
এ ঘটনায় শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়।
কমিশনার আনোয়ার হোসেন বলেন, “করোনাভাইরাস সংকটের এই দিনে এত রাতে রুবেল মিয়া গাড়ি চালিয়ে যে মহত কাজ করেছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। এ কাজের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।”
পুরস্কার পেয়ে খুব আনন্দিত হয়েছেন বলে তিনি জানান।
ওই সময় কেউ লাশটির কাছে যাচ্ছিল না। কোনো রিকশা, ভ্যান কিংবা অন্য যানবাহনের চালকও মৃতদেহটি বহন করতে অস্বীকৃতি জানান। ওই সময় রুবেল মিয়া লাশটি একটি ভ্যানে তুলে নিজে চালিয়ে থানায় নিয়ে যান। ওই সময় ভ্যানটির চালক তাকে ভ্যান না নেওয়অর অনুরোধ করলেও তিনি শোনেননি।
