চাল ‘আত্মসাৎ’, গোপালগঞ্জে ৪ ডিলারের সনদ বাতিল
খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানীতে চার ডিলারের সনদ বাতিল করা হয়েছে।
রোববার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, পুইশুর ইউনিয়নের জয়ন্ত মন্ডল, মাহমুদপুর ইউনিয়নের গৌর বিশ্বাস, সিংগা ইউনিয়নের শ্যামল দত্ত ও জুয়েল সরকারের সনদ বাতিল করা হয়েছে।
ইউএনও সাব্বির আহমেদ বলেন, অনিয়ম ও শর্ত ভঙ্গ করে এক ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি তদন্ত করা হয়। তদন্ত কমিটি গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল করে।
“তদন্ত প্রতিবেদনে চার জনের বিরুদ্ধে অনিয়মের সত্যতা মেলে। প্রতিবেদন হাতে পেয়ে চারজনের লাইসেন্সসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে পার্শ্ববর্তী ইউনিয়নের ডিলারকে দায়িত্ব দেওয়া হবে।”
“এরই মধ্যে চার ডিলারের ব্যাপারে অনিয়মের সত্যতা পাওয়া যায়। তিন জন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়। মাহমুদপুর ইউনিয়নের ডিলার গৌর বিশ্বাস নিজেই তদন্তের আগে তার ডিলারশীপ প্রত্যাহারের আবেদন করেন।”
তাই চার জনের সনদই বাতিলা করা হয়েছে বলে সুব্রত জানান।
