কোভিড-১৯: সংক্রমণ বেড়েই চলেছে
দেশে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণ উত্তরোত্তর বিস্তৃত হচ্ছে। বিভিন্ন জেলা থেকে নতুন নতুন আক্রান্তের খবর আসছে প্রতিনিয়ত। কোনো কোনো জেলায় সংক্রমণের লক্ষণ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। আবার আক্রান্তরা সুস্থও হচ্ছে বিভিন্ন স্থানে।
সর্বশেষ দেশে নতুন করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা হয়েছে ২০ হাজার ৬৫। মোট মৃতের সংখ্যা ২৯৮।
প্রতিদিনের মতো শুক্রবারও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেলা প্রতিনিধিরা তুলে এনেছেন কোভিড-১৯ সংক্রমণের নানা খবর।
দিনাজপুরে নতুন আক্রান্ত ৬, উপসর্গে তিন জনের মৃত্যু
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ আরও ছয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬৪ জন। আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত দুই দিনে মারা গেছেন তিন জন।
দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ উদ্বেগ প্রকাশ করে বলেন, দিনাজপুরে যেভাবে ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনেই ঈদের বাজার চলছে। মানুষ বাজারে নেমে পারস্পরিক শারীরিক দূরত্ব মোটেও নিশ্চিত করছে না।
চুয়াডাঙ্গায় দুই সেবিকাসহ শনাক্ত ৮
চুয়াডাঙ্গায় দুইজন সিনিয়র স্টাফ নার্সসহ আরও আট জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৫১ জনের।
শুক্রবার রাতে স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, শনাক্ত দুজন নার্স এবং একজন স্বাস্থ্যকর্মী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোভিড-১৯ ডিউটি করেছেন। বাকি সকলেরই কারো স্বজন কারো বা নিকটাত্মীয় আগেই কোভিড-১৯ শনাক্ত হয়েছিলেন।
ফরিদপুরে চিকিৎসকসহ আরও ২ জনের সংক্রমণ শনাক্ত
ফরিদপুরে এক চিকিৎসকসহ আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাব থেকে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।
এ নিয়ে জেলায় ৪৯ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হলো।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, আক্রান্ত দুই জনকেই পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।
জামালপুরে মা-শিশুসহ আক্রান্ত ৪, সুস্থ হয়েছেন সাত জন
জামালপুরে মা ও তার তিন বছরের শিশু ছেলেসহ আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ১১৫। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও সাত জন।
জেলার সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, জেলায় মোট ১১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। আক্রান্তদের মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫৫ জন।
জেলায় করোনাভাইরাসে তিন জনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।
নীলফামারীতে মা-ছেলে, স্বাস্থ্যকর্মীসহ শনাক্ত আরও ৭
নীলফামারীতে নতুন করে মা-ছেলে ও দুই স্বাস্থ্য কর্মীসহ আরও সাত জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা মোট শনাক্তের সংখ্যা হলো ৬১।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।
সিভিল সার্জন জানান, সৈয়দপুরে এক এনজিও কর্মকর্তা আক্রান্ত হওয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সার্প কার্যালয় ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
পঞ্চগড়ে শিশুসহ শনাক্ত আরও ৪
পঞ্চগড়ে এক শিশু শিক্ষার্থীসহ আরও চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দেবীগঞ্জ উপজেলার তিন জন এবং তেঁতুলিয়া উপজেলার এক জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ফজলুর রহমান জানান, দেবীগঞ্জ উপজেলার ১২ বছরের এক শিশু, ৩০ বছর বয়সী এক নারী এবং ২৫ বছর বয়সী এক পুরুষের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই তিন জনই ঢাকা থেকে এসেছেন। এছাড়া নারায়ণগঞ্জফেরত তেঁতুলিয়া উপজেলার এক ব্যক্তিও (৩৫) রয়েছেন শনাক্তের তালিকায়।
রংপুরে আরও ২৮ জন শনাক্ত
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ১৮৮টি নমুনা পরীক্ষা করে মোট ৩১ জন শনাক্ত হয়েছে। তার মধ্যে রংপুর জেলার রয়েছেন ২৮ জন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নতাকর্মীসহ আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো। এদের মধ্যে ১৫ জনকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ও জেলা করোনাভাইরাস কমিটির সদস্য সচিব মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
