সাতক্ষীরায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
সাতক্ষীরার ভোমরায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দিন জানান, মঙ্গলবার রাতে অভিযোগ পাওয়ার পর তারা এই দুইজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ভোমরা এলাকার শহীদুল ইসলাম গাজী ও এক নারী।
শহীদুলের ২২ বছর বয়সী স্ত্রীর অভিযোগ, শহীদুল তাকে প্রায়ই যৌতুকের জন্য মারধর করেন। সম্প্রতি আবার যৌতুকের জন্য নির্যাতন করেন। পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃতরা বীভৎস নির্যাতনের কথা স্বীকার করেছেন। শহিদুল একজন বহুবিবাহকারী ব্যক্তি। আটক নারী তার প্রথম স্ত্রীর পুত্রবধূ।”
জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
