২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিলাবৃষ্টিতে ৭০০ হেক্টর জমির পাট নষ্ট

ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালী উপজেলায় শিলাবৃষ্টিতে ৭০০ হেক্টরের বেশি জমির পাট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 06:54 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

শনিবার বিকালের এ শিলাবৃষ্টিতে ওই দুই উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাকাধান, তিল ও মরিচসহ অন্যান্য ফসলও।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী রোববার সাংবাদিকদের এ কথা জানান।

বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, তার উপজেলায় এ বছর ১৪ হাজার ৮০০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। শিলাবৃষ্টিতে ২ হাজার ১৩৫ হেক্টর জমির পাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

“এর মধ্যে সম্পূর্ণভাবে বনষ্ট হয়েছে প্রায় ৬০০ হেক্টর জমির পাট।”

এছাড়া ৭৩ হেক্টর জমির ধান, ১২ হেক্টর জমির মরিচ, সাড়ে ৯ হেক্টর জমির তিল ও ১৫ হেক্টর জমিতে রোপন করা শাকসবজিও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি। 

তিনি বলেন, বোয়ালমারীর সাতৈর ও ঘোষপুর ইউনিয়নে ক্ষতির পরিমাণ বেশি। এছাড়া শেখর, চতর ও দাদপুর ইউনিয়নসহ বোয়ালমারী পৌর এলাকারও বিভিন্ন স্থানে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

ঘোষপুর ইউনিয়নের গোষপুর গ্রামের আশুতোষ বিশ্বাস বলেন, তিনি ৩৬০ শতাংশ (১২ পাখি) জমিতে পাটের আবাদ করেছিলেন। শিলাবৃষ্টিতে পুরো জমির পাট নষ্ট হয়ে গেছে।

সাতৈর ইউনিয়নের কাদিরদি গ্রামের পাট চাষি নুরুল ইসলাম মোল্লা বলেন, তিনি ২৭০ শতাংশ (৯ পাখি) জমিতে পাটের চারা বুনেছিলেন। শিলাবৃষ্টিতে তার ক্ষেতের সব পাটের চারার মাথা ভেঙে গেছে।

এখন এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবেন সেই চিন্তায় রয়েছেন বলে জানালেন।

সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মজিবুর রহমান বলেন, “হঠাৎ এ শিলাবৃষ্টিতে ক্ষেতের পাটগুলো মাঠের সঙ্গে মিশে গেছে। পাটের চারার মাথা ভেঙে গেছে। অনেক জমির পাকা ধান ঝড়ে মাটিতে শুয়ে গেছে। এছাড়া শতাধিক কাঁচা-পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ো বাতাসে।”

সবমিলিয়ে তার ইউনিয়নে প্রায় ১ হাজার পরিবার ক্ষতির মুখে পড়েছে বলে জানান চেয়ারম্যান।

এদিকে মধুখালী উপজেলার আশাপুর ও পৌরসভা সদরের কিছু এলাকার ১১১ হেক্টর জমির পাটের ক্ষেত ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে বলে ইউপি চেয়ারম্যান মুনরুজ্জামান বাচ্চু জানান।

ক্ষতিগ্রস্তদের বিষয়ে জানতে চাইলে জেলার কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র বলেন, “দুই উপজেলায় প্রায় ৭১১ হেক্টর জমির পাটের ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্য ফসল চাষের পরামর্শ দিয়েছি। সরকার কোন প্রণোদনা দিলে এসব এসব কৃষকদের আগে সেই সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে।”