২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বজ্রপাতে নিহত ৩

ফরিদপুরে সদর উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 06:32 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাটে এ ঘটনা ঘটে।

এছাড়া শুক্রবার রাতে জেলার মধুখালী উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়; উপড়ে পড়ে গাছপালা।

বজ্রপাতে নিহতরা হলেন-সিএন্ডবি ঘাটের সুজন বেপারী (২৮), একই ইউনিয়নের ডাঙ্গি গ্রামের বাবু খা (৫০) ও পালডাঙ্গি গ্রামের রিপন মোল্লা (২৭)।

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু বলেন, “ওই তিনজন সিএন্ডবি ঘাটে নৌকা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

এর আগে শুক্রবার রাতে মধুখালী পৌরসভা ও মেঘচামী ইউনিয়নের কয়েকটি গ্রামের উপর দিয়ে কালবৈশাখীর ঝড়ে বয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাত আনুমানিক ১২টার দিকে শুরু হওয়া ১৫ মিনিটের এ ঝড়ে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া, আলমপুর, মেছরদিয়া, গোপালপুর, মহিষাপুর, গাড়াখোলা এবং মেগচামী ইউনিয়নের মেগচামী, বামুন্দিকলাগাছি, রামদিয়া, রুকুনিসহ বিভিন্ন এলাকার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া সময় অসংখ্য গাছ উপড়ে পড়েছে। গাছ পড়েও অনেক ঘর বিধস্ত হয়েছে।

ঝড়ের পর থেকে মধুখালী পৌর এলাকার অনেক জায়গায় বিদ্যু সরবরাহ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বলে পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান জানান।

মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান হাসান আলী খান বলেন, ঝড়ে শুধুমাত্র বামুন্দিকলাগাছি গ্রামে অন্তত ২০টি বাড়ি বিধস্ত হয়েছে। এছাড়া ব্যাপকহারে শিশু ও মেহগনি গাছ উপড়ে পড়ায় অনেক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঝড়ে বেশ কিছু মরিচ গাছ হেলে গেছে। তবে বোরো ধান বা পাটের কোন ক্ষতি হয়নি বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান।

মধখালীর নিবার্হী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করতে পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের বলা হয়েছে। তালিকা অনুযায়ী সরকারি সহায়তা দেওয়া হবে।