২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পুলিশসহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

চাঁদপুরে পাঁচ পুলিশ সদস্যসহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 06:05 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

শনিবার তাদের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে বলে চাঁদপুরের সিভিল সার্জন সাখাওয়াত উল্যাহ জানান।  

তিনি জানান, এ নিয়ে চাঁদপুরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ জন। এর মধ্যে মারা গেছেন চার জন, সুস্থ হয়েছেন ১১ জন। বাকিরা হাসপাতাল এবং নিজ নিজ বাসা-বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, শনিবার ১৫১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৩ জন পজিটিভ। বাকি ১৩৯ জনের রিপোর্ট নেগেটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে পাঁচ জন পুলিশ সদস্য, একজন ইউপি সচিব ও একজন ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন বলে তিনি জানান।

এ নিয়ে চাঁদপুরে আট পুলিশ সদস্য আক্রান্ত হলেন বলেও জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন আরও জানান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার তৃতীয় নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে। অর্থাৎ পরপর দুটি নেগেটিভ রিপোর্ট আসায় তিনি এখন করোনাভাইরাস মুক্ত। তিনিসহ এখন জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা হলো ১২।