২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ঘরের ভেতর মা-ছেলের লাশ

নওগাঁর রানীনগর উপজেলায় দুটি ঘর থেকে এক নারী ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 03:43 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে রানীনগর থানার ওসি জহুরুল হক জানান।

নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী রাশেদা বেগম (৫৫) ও বড় ছেলে আসলাম হোসেন (৩৫)।

আসলামের ছোট ভাই আলামিন বলেন, তার মা ও ভাই সকালে ঘুম থেকে না উঠায় তিনি তাদের ডাকডাকি করেন ও দরজায় ধাক্কা দেন। কিন্তু দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরে ঘরের জানালায় গিয়ে আসলামের ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় আরেকটি ঘরের মেঝেতে তিনি মায়ের লাশ পড়ে থাকতে দেখেন।

তিনি ঘটনাটি স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে বলে জানান আলামিন।

ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, আসলামের গলায় ফাঁস দেওয়া দেখে তার মা স্ট্রোক করে মারা যান। তবে আসলাম কেন গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করল তা এখনও জানা যায়নি।”

লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।