ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।
নগরীর গাছা থানার সাইনবোর্ড এলাকার ‘ইন্টার স্টাফ কারখানা’ ও ‘ব্যান্ডো ফ্যাশন’ এবং তারগাছার ‘এ্যাবা ফ্যাশন লিমিটেডের’ শ্রমিকরা এ বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, এ্যাবা ফ্যাশন লিমিটেড নামের ওই পোশাক কারখানার কিছু শ্রমিক কারখানার কর্মরত অন্য শ্রমিকদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। এ কারণে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ দেয়।
“সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধ দেখে বিক্ষোভ শুরু করে এবং কারখানা খুলে দেওয়াসহ শতভাগ বেতন দেওয়ার দাবিতে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।”
এ্যাবা কারখানার সুইং সেকশনের শ্রমিক ইউসুব আলী বলেন, “কারখানা খোলার পর থেকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। তারপরও কর্তৃপক্ষ বলছে ৬০ ভাগ বেতন দিবে। ওই টাকায় আমাদের ঘরভাড়া, খাওয়া দাওয়া কোন কিছুই হবে না। এতে আরও অভাবের মধ্যে পড়তে হবে। তাই পুরো বেতন দিতে হবে।”
একই সেকশনের আসমা বেগম বলেন, “বেতন কম পেলে আমরা কিভাবে চলবো। শ্রমিকদের কেউ ত্রাণ বা সাহায্যও দেয় না। সামনে ঈদ আসছে খরচ আরও বেড়ে যাবে। তাই পুরো বেতনই আমরা চাই।”
বেলা সোয়া ১২টার দিকে কারাখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় বলে শিল্প পুলিশের ওই কর্মকর্তা জানান।
এছাড়া একই দাবিতে সকালে সাইবোর্ড এলাকায় ইন্টার স্টফ কারখানা, ব্যান্ডো ফ্যাশন নামের কারখানার শ্রমিকরা আন্দোলন করে।
সুশান্ত সরকার বলেন, “শ্রমিকরা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তারা কারখানা ও যানবাহনে ভাংচুর করতে গেলে পুলিশ বাঁধা দেয়।তখন শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।”
এছাড়া এ দিন স্থানীয় গ্রিন সোয়েটার কারখানার শ্রমিকেরা ফেব্রুয়ারি ও মার্চের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে বলে জানায় পুলিশ।
