২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় চিকিৎসক, পুলিশসহ আরও ৩২ আক্রান্ত

নওগাঁয় তিন চিকিৎসক, দুই পুলিশ পরিদর্শকসহ আরও ৩২ জনের দেহে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫০ জনের শরীরে কোভিড-১৯ পাওয়া গেল।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 11:35 PM

Updated : 25 Jul 2022, 07:02 PM

মঙ্গলবার রাতে জেলার ডেপুটি সিভিল সার্জন মুনজুর এ মোর্শেদ একথা জানিয়েছেন।

পুলিশের এই দুই পরিদর্শক করোনাভাইরাস আক্রান্ত নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে এসেছিলেন বলে মুনজুর এ মোর্শেদ জানান।  

সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসায় এর আগে দুই সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ছয় জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, পত্নীতলা থানার দুই পরিদর্শক আক্রান্ত হওয়ায় এই থানায় এখন পুলিশের নতুন সদস্যদের দিয়ে কার্যক্রম পরিচালিত হবে। আক্রান্তদের আইসোলেশনে এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে হোমকোয়ারেন্টিনে রাখা হবে।

ডেপুটি সিভিল সার্জন বলেন, শনাক্তরা বেশিরভাগই ঢাকা থেকে ফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনাভাইরাসে আক্রান্তের আর তেমন কোনো লক্ষণ ছিল না।

“মঙ্গলবার দুই দফায় পাওয়া ১০৬ জনের রিপোটে ৩২ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়; জেলায় এখন মোট আক্রান্ত ৫০ জন।”

তিনি জানান, জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন এক হাজার ৪৬৪ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৮ জন।