লালমনিরহাটে সংঘর্ষে আহত কলেজছাত্রের মৃত্যু
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে আহত এক কলেজছাত্র মারা গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ উদ্দিনের (২২) মৃত্যু হয়।
রিয়াজ উপজেলার পূর্ব ভেলাবাড়ি গ্রামের নায়েব আলীর ছেলে এবং লালমনিরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, শুক্রবারের এ ঘটনায় রিয়াজের মা মিনা বেগম বাদি হয়ে মঙ্গলবার দুপুরে আটজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
এরা হল- উপজেলার পশ্চিম দৈলজোর গ্রামের আবুল হোসেনের স্ত্রী রেজিনা বেগম (৬০), তার ছেলে রিয়াজুল ইসলাম (৪৫), ছেলের বউ আয়শা বেগম (৩৫) ও ১৫ বছর বয়সী এক কিশোরী।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, জমির সীমানা নিয়ে রিয়াজের বাবার সঙ্গে পশ্চিম দৈলজোর গ্রামের আবুল হোসেনের ছেলে রিয়াজুল গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার দুপুরে ওই জমি দখলের চেষ্টা করেন রিয়াজুল গংরা।
“এতে বাঁধা দিতে গেলে রিয়াজউদ্দিনকে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় রিয়াজের বাবা-মাসহ পরিবারের লোকজন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও মারধর করে রিয়াজুলের গংরা। পরে স্থানীয়রা রিয়াজ ও তার বাবা-মাসহ চারজনকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রিয়াজের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
