নওগাঁর দুই সাংসদসহ ডিসি এসপি সিভিল সার্জন কোয়ারেন্টিনে
কোভিড-১৯ আক্রান্ত নওগাঁর সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসায় আরও দুই সাংসদসহ এক আওয়ামী লীগ নেতা, জেলা প্রশাসক, এসপি ও সিভিল সর্জনকে হোমকোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনজুর এ মোর্শেদ শনিবার একথা জানান।
এরা হলেন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সাংসদ সলিম উদ্দিন তরফদার সেলিম, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান ও সিভিল সার্জন আ ম আখতারুজ্জামান।
শুক্রবার শহীদুজ্জামান সরকারের কোভিড-১৯ শনাক্ত হয়। ৬৫ বছর বয়সী এই সাবেক হুইপ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
ডেপুটি সিভিল সার্জন আরও জানান, একই সঙ্গে সাংসদ শহীদুজ্জামান সরকারের নির্বাচনী এলাকা ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় তার সংস্পর্শে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সরকারি -বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দকেও হোমকোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ডেপুটি সিভিল সার্জন বলেন, গত ২৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সংসদ সদস্য ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।
“এ কারণে প্রাথমিকভাবে আমরা জেলার দুই সাংসদ, ডিসি, এসপিসহ উল্লেখিত ছয় জনকে হোমকোয়ারেন্টিনে থাকতে অনুরোধ করেছি।”
এ ছাড়া সংসদ সদস্য ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকারে নির্বাচনী এলাকা ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ কারা তার সংস্পর্শে এসেছেন তাদের চিহিৃত করে হোমকোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করা হবে।
এছাড় তাদের নমুনাও সংগ্রহ করা হবে বলেও জানান ডেপুটি সিভিল সার্জন মুনজুর এ মোর্শেদ।
জেলায় একজন সাংসদসহ এ নিয়ে ১৮ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
