কক্সবাজারের পোকাগুলো ‘এক ধরনের ঘাসফড়িং’
কক্সবাজারের টেকনাফ উপজেলার ওই পোকাগুলো এক ধরনের ঘাসফড়িং বলে জানিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইউনস্টিটিউটের বিজ্ঞানী নাজমুল বারী।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ ইউনিয়নের লম্বরী পাড়ায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এই পোকাগুলো পঙ্গপাল নয়। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি ঘাসফড়িংয়ের সাধারণ একটি প্রজাতি।”
সম্প্রতি ওই এলাকায় পোকার আক্রমণে পঙ্গপালের আতঙ্ক তৈরি হওয়ায় শনিবার বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র, কৃষি সম্প্রারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইস্টিটিউট ও বঙ্গবন্ধু কৃষি গবেষণা ইন্সটিটিউটের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের চারটি প্রতিনিধ দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাজমুল বারী, “এই পোকা বাংলাদেশে এর আগেও দেখা গেছে। তবে সারা বছর দেখা মেলে না। মাঝেমধ্যে কোথাও কোথাও অল্পসংখ্যক দেখা যায়। টেকনাফে সম্প্রতি অনুকূল পরিবেশের কারণে ওই বসতভিটায় ব্যাপক আকারে দেখা গেছে।”
এ ধরনের পোকা বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় দেখা যায় বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শনে আসা বিশেষজ্ঞরা পোকাগুলো দমন ও বংশবিস্তার রোধ করার জন্য কীটনাশক প্রয়োগের পরামর্শ দেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে।
এছাড়া তারা ফলদ ও বনজসহ নানা ধরনের গাছপালা ও ঝোপ-জঙ্গল ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত পাতা ও জীবিত কিছু পোকা সংগ্রহ করেন গবেষণার জন্য।
শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেশ কিছুদিন আগে লম্বরী গ্রামের কয়েকটি গাছে ‘ঘাসফড়িংয়ের মতো কিছু ছোট পোকার’ আক্রমণ দেখা দিলে কক্সবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এবং স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা সেখানে গিয়ে কীটনাশক প্রয়োগ করে পোকাগুলো দমন করেন।
“অতিসম্প্রতি ঘাসফড়িং সদৃশ এসব পোকা আবারও দেখা দিলে কৃষি মন্ত্রণালয় এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্যোগ গ্রহণ করেছে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপ-পরিচালকের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার কীটনাশক স্প্রে করার পর গাছে থাকা পোকাগুলো মরে যায়, সেখানে আর কোনো জীবিত পোকা নেই।
“পোকাগুলো তেমন ক্ষতিকর নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব পোকা মরুভূমির ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপাল জাতীয় কোনো পোকা নয়।”
এসব পোকাকে পঙ্গপাল মনে করে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
