ছাঁটাইয়ের গুজবে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
কর্মী ছাঁটাইয়ের গুজবে গাজীপুরে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ বিক্ষোভ দেখিয়েছে।
শনিবার সকাল থেকে শ্রমিকদের এই বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, শনিবার সকাল ৮টা থেকে শহরের মহানগরের তারগাছ এলাকায় ‘অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের’ শ্রমিকেরা ছাঁটাইয়ের গুজবে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
প্রায় দুই ঘণ্টা অবরোধ-বিক্ষোভ চলে জানিয়ে সুশান্ত বলেন, এ সময় মহাসড়কের দুইপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রোববার থেকে বাকি শ্রমিকদের কাজে যোগদানের সুযোগ দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে চলে যায়।
এছাড়া এ দিন সকালে একই কারণে শহরের মহনগরীর কাশিমপুরের জিরানী এলাকায় ‘অকো টেক্স লিমিটেডের’ শ্রমিকরা বিক্ষোভ করে বলে সুশান্ত সরকার জানান।
তিনি বলেন,“শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে মালিকের সঙ্গে আলোচনা করে ৭ মে থেকে সকলকে কাজে যোগ দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে চলে যান।”
