কোভিড-১৯: কেরাণীগঞ্জে র্যাব সদস্য, নার্সসহ আক্রান্ত ২২
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় সাত র্যাব সদস্য ও নার্সসহ আরও ২২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
শুক্রবার পাওয়া প্রতিবেদনে এই ২২ জনের পজিটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২৩ থেকে ৬৬ বছর বয়সী এই ২২ জন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে র্যাব ১০-এর সাত সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফ র্নাস ও একজন কর্মী রয়েছেন। ২২ জনের মধ্যে দুইজন হলেন বাবা ও ছেলে।
গত তিন দিনে র্যাব ১০-এর মোট ২০ সদস্য আক্রান্ত হয়েছেন জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এই নিয়ে এ উপজেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩ জনে। এ পর্যন্ত এ উপজেলায় কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর সাতজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ছয়জন।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আক্রান্তদের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা মোবারক হোসেন।
