কোভিড-১৯: কেরানীগঞ্জে র্যাবসহ নতুন ১৭ রোগী শনাক্ত
ঢাকার কেরানীগঞ্জে র্যাবের সদস্যসহ আরও ১৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫১ জনে।
বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, ২৫ থেকে ৬৫ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
“বিকালে থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১৭ রোগী শনাক্ত করা হয়েছে।
“এদের মধ্যে র্যাব-১০ এর ছয় সদস্য রয়েছেন। এতে করে দুইদিনে র্যাব-১০ এর ১১ সদস্য আক্রান্ত হলেন।”
এছাড়াও এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।
নতুন আক্রান্তদের মধ্যে তিনজনকে তাদের বাড়িতে আইসলোশনে রাখা হয়েছে জানিয়ে ডা. মোবারক বলেন, বাকিদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।
