ঢাকা ফেরত পুলিশ ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত
ঠাকুরগাঁওয়ে ঢাকা ফেরত এক পুলিশ কনেস্টবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; এ নিয়ে জেলায় মোট ১৬ জন আক্রান্ত হলো।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার জানান, আক্রান্ত পুলিশ কনেস্টবলের বয়স ১৮ বছর, তার বাড়ি পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কোঠাপাড়া গ্রামে।
এর আগে ঠাকুরগাঁও সদরে ১জন, হরিপুর উপজেলায় ৭ জন, রাণীশংকৈল উপজেলায় ২ জন, পীরগঞ্জ উপজেলায় ৩ জন ও বালিয়াডাঙ্গী উপজেলায় ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরমধ্যে ৩ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন।
সিভিল সার্জন আরো জানান, গত ২২ এপ্রিল ঢাকার ডিএমপির রাজারবাগ পুলিশ লাইন থেকে ১৮ বছরের ওই কনেস্টবল পীরগঞ্জের গ্রামের বাড়িতে আসেন।
“তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল না। তারপরও ২৩ এপ্রিল বাড়িতে গিয়ে ওই কনেস্টবলের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়।”
বাড়ি আসার পর থেকে ওই পুলিশ কনেস্টবল হোম কোয়ারেন্টিনে ছিলেন।
আক্রান্ত ওই পুলিশ কনেস্টবলকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে এবং তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেন তিনি।
ডা. মাহফুজুর রহমান জানান, জেলায় ৬০৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এরমধ্যে ৫০৪ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
