কোভিড-১৯: অনুষ্ঠানবিহীন জন্মবার্ষিকী রবি নিয়োগীর
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রয়াত বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষির্কী পালিত হয়েছে কোনো অনুষ্ঠান ছাড়া।
বুধবার তার ১১১তম জন্মবার্ষিকী। ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় তিনি জন্মগ্রহণ করেন।
সাংবাদিক রবি নিয়োগী সভাকক্ষের সভাপতি সাংবাদিক সুশীল মালাকার জানান, করোনাভাইরাসের সংক্রমণের এই অবরুদ্ধ অবস্থায় এবার এই বিপ্লবীর জন্মবার্ষিকীর কোনো কর্মসূচি নেই। শুধু তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হয়েছে।
বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক সুধাময় দাস জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন এবং ১৫ বছর আত্মগোপনে কাটিয়েছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিঁনি আন্দামান নির্বাসন দণ্ডও ভোগ করেছেন।
তিনি জানান, তিনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। জীবিকার জন্য করেছেন সাংবাদিকতা। তার স্ত্রী জ্যোৎস্না নিয়োগীও রাজনীতি করতে গিয়ে জেল খেটেছেন।
২০০২ সালের ১০ মে তিনি মৃত্যুবরণ করেছেন।
