হাজীগঞ্জ ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার আসা মেডিকেল প্রতিবেদনে তার করোনাভাইরাস পজিটিভ আসে বলে ইউএনও বৈশাখী বড়ুয়া জানান।
চাঁদপুরের সিভিল সার্জন সাখাওয়াত উল্যাহ জানান, বুধবার ৩৯ জনের রিপোর্ট এসেছে, যাদের মধ্যে ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ। পজিটিভ দুজনের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আরেকজন হলেন এক ব্যাংক কর্মকর্তা, যিনি ১৫ দিন আগে ঢাকা থেকে এসেছেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, যেহেতু নির্বাহী কর্মকর্তার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে তাই এখন তিনি সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী চলবেন।
“লকডাউনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণরোধে দায়িত্ব পালন করতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম সোয়েব আহমেদ চিশতী জানান, ঢাকায় একটি ব্যাংকে কর্মরত একজন কর্মকর্তা ১৫ দিন আগে হাজীগঞ্জে গ্রামের বাড়ি আসেন। তার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।
জেলায় এ পর্যন্ত ১৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে সিভিল সার্জন কর্যালয জানায়।
হাজীগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, “করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির রিপোর্ট পাওয়ার পর আমরা ব্যাংক কর্মকর্তার বাড়ি লকডাউন করেছি।”
সিভিল সার্জন জানান, ২৯ এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে ৩০৪টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ২৯২টি রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে জেলায় করোনায় আক্রান্ত পাওয়া গেছে ১৬ জন। আক্রান্তদের মধ্যে দুজন মারা গেছেন। এছাড়া ৭ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
