নওগাঁয় ৩ স্বাস্থ্যকর্মীসহ ১৬ জন আক্রান্ত, জেলায় ১৭ জন
নওগাঁয় তিন স্বাস্থ্য কর্মীসহ আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১৭ জন শনাক্ত হয়েছে।
বুধবার সকালে নওগাঁর সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান আলাল এ তথ্য জানান।
শনাক্তরা হলেন- রানীনগর উপজেলার দুই নার্স ও এক অ্যাম্বুলেন্স চালকসহ ছয়জন, সাপাহারের তিনজন, মহাদেবপুরের দুইজন, আত্রাইয়ের তিনজন, মান্দার দুইজন ও পোরশা উপজেলায় একজন।
সিভিল সার্জন বলেন, “জেলায় এ পর্যন্ত নওগাঁ থেকে মোট ৭৮৩ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৫১৫ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তারমধ্য থেকে ১৭ জনের করোনা ভাইরাসের ফলাফল পজেটিভ। বাকিরা নেগেটিভ।
“শনাক্তরা বেশীরভাগই ঢাকা থেকে ফেরত। ঢাকা থেকে আসার পর তাদের জ্বর দেখা দিলেও করোনাভাইরাসের তেমন কোন লক্ষণ ছিল না।”
জেলায় এখন ১০৬২ জন হোম কোয়ারেন্টিনে ও ৩৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছে। এছাড়া জেলায় মোট ৪ হাজার ৪৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়, এদের মধ্যে ৩ হাজার ৪১৪ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানান আখতারুজ্জামান।
