কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত
কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছন।
বুধবার ভোরে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মানস বড়ুয়া জানিয়েছেন।
নিহত খোরশেদ আলম (৩০) উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-২ ব্লকের নজির আহমদের ছেলে।
ওসি মানস বলেন, “ইয়াবার চালান আসার খবরে গোয়েন্দা পুলিশের একটি দল জোয়ারিয়ারনালার রাবার বাগান এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে নাইক্ষ্যংছড়ির দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই-তিনজন লোককে আসতে দেখে থামার নির্দেশ দেওয়া হয়।
“তারা না থেমে পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গোলাগুলি থামার ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা, একটি বন্দুক ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
