শরীয়তপুরে ৯ বস্তা চালসহ ইউপি সদস্য আটক
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মৎস্যজীবিদের মধ্যে বিতরণের নয় বস্তা চালসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে জাজিরা বিলাসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম মোল্লাকে (৪৩) আটক করা হয় বলে জাজিরা থানার ওসি (তদন্ত) এসএম মজিদ বকুল জানান।
ওসি বলেন, “বিলাসপুর ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের ২৮ জন জেলেকে ৪০ কেজি করে চাল বিতরণ করার পর ওই ওয়ার্ডের মেম্বার জেলেদের তার বাড়ি নিয়ে ১০ কেজি করে চাল রেখে দেয়।
“এ ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে ৮ বস্তা ভিজিএফের চাউলসহ মেম্বার সেলিম মোল্লাকে গ্রেপ্তার করে।”
বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের সরদার বলেন, “আমার অনুপস্থিতিতে আমার পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব ও মেম্বাররা জেলেদের ভিজিএফের এর চাল বিতরণ করে। মেম্বার তার বাড়িতে নিয়ে জেলেদের কাছ থেকে ১৯০ কেজি চাল রেখে দেয়।এটা জঘন্যতম কাজ।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
