চিকিৎসক আক্রান্তে শেরপুর হাসপাতালে শুধু জরুরি বিভাগ খোলা
শেরপুরে এক চিকিৎসক ও এক টেনিশিয়ান করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় জরুরি বিভাগ ছাড়া সদর হাসপাতালের সব বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার রাত ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ জানান, গত ছয়দিনে ১৭০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে।
“রোববার রাতে চার জনের নমুনা পরীক্ষা শেষে ওই দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাদের দু’জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।”
এ আক্রান্তরা হচ্ছে শেরপুর জেলা সদর হাসপাতালের ৫০ বছর বয়স্ক সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ ও প্যাথলজি বিভাগের ৪৭ বছর বয়স্ক এক টেকনিশিয়ান।
এনিয়ে, শেরপুর জেলায় মোট ২৬ জন রোগীর করোনাভাইরাস শনাক্ত হল। এরমধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২১ জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকায় পাঠানো হয়েছে। ১৮ জন বর্তমানে শেরপুরে চিকিৎসাধীন আছেন।
জেলা সদর হাসপাতালে ডাক্তার এবং টেকনিশিয়ান আক্রান্ত হওয়ায় জরুরি বিভাগ ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ করে দিয়ে হাসপাতাল জীবাণুমুক্ত করার কাজ চলছে বলেও জানানো হয়েছে।
করোনাভাইরাস আক্রান্ত ওই চিকিৎসক ও টেকনিশিয়ানের সংস্পর্শে আসা ২২ জন চিকিৎসক, স্টাফ ও টেনিশিয়ানকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
