ত্রাণের দাবিতে গাইবান্ধায় ‘কর্মহীনদের’ মানববন্ধন
ত্রাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে সরকারি ঘোষিত কর্মসূচিতে `কর্মহীন হয়ে পড়া’ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার কুপতলা ইউনিয়নের লক্ষ্মীপুর-সুন্দরগঞ্জ সড়কের ৭৫নং রেলগেট এলাকায় এ মানববন্ধন করেন তারা।
পরে সদর গাইবান্ধা থানার ওসি খান মো. শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ লোকজনদের ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে বাড়ি ফিরে যান তারা।
বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে প্রায় দেড় মাস থেকে কর্মহীন হয়ে বাড়িতে বসে আছেন তারা। কিন্তু ‘আজ পর্যন্ত আমরা এক কেজি চাল পর্যন্ত ত্রাণ পায়নি। অথচও আমরা খেয়ে-না খেয়ে দিনযাপন করছি।’
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রসুন কুমার চক্রবর্তী বলেন, “যাচাই বাছাই করে কর্মহীন এই লোকজনের ত্রাণের ব্যবস্থা করা হবে।”
