২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে আরও ২ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ১০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৯ ও ৪০ বছর বয়সী আরও দুইব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2020, 11:34 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

শনিবার রাত সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, আক্রান্ত ওই দুইব্যক্তি উপজেলার যন্ত্রাইল ও শোল্লা ইউনিয়নের বাসিন্দা।

ডা. অনুপ বলেন, “ওই দুইজনের শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে গত বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় ফলাফলে তারা সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।

“তাদের চিকিৎসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানী ঢাকার যে সব হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা দেওয়া হয় তার যেকোন একটিতে রোববার তাদের চিকিৎসার জন্য পাঠানো হবে।”  

ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদেরসহ আশেপাশের পরিবারগুলোকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে অনুপ বলেন, “তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরণের সহযোগিতা করবে।”

এছাড়াও আক্রান্তদের এলাকা বা ইউনিয়ন দুইটি সম্পূর্ণ অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

আক্রান্ত এ দুইজন নিয়ে এই উপজেলায় এ পর্যন্ত মোট ১০ জন আক্রান্ত হল। এদের মধ্যে  উপজেলার বাহ্রা ইউনিয়নের ৪৭ বছর বয়সী সৌদী আরব প্রবাসী প্রথম আক্রান্ত ব্যক্তি এবং নয়নশ্রী ইউনিয়নের চিল্লা ফেরত তাবলীগ জামায়াতের ৬৫ বছর বয়সী আরও এক ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. অনুপ।

করোনাভাইরাসের বিষয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন এ চিকিৎসক।

এছাড়াও এ ভাইরাস থেকে মুক্তি পেতে ইতোমধ্যে সরকার থেকে যে সব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো যার যার অবস্থান থেকে মানতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।