ফরিদপুরে ইউপি সদস্যের ঝুলন্ত লাশ, ‘প্রতিপক্ষের’ বাড়িঘরে হামলা
ফরিদপুরে এক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধারের পর স্থানীয় কিছু বাড়িঘরে হামলা চালিয়েছে একদল লোক, যাদেরকে প্রতিপক্ষ বলছেন মৃতের স্বজন।
শুক্রবার গভীর রাতে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গির হোসেন মাতুব্বরের (৫৫) ঝুলন্ত লাশ দেখেন পরিবারের লোজন।
শনিবার সকালে বাড়ির পাশের আম গাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
এদিকে, জাহাঙ্গিরের মৃত্যুর খবর জানাজানি হলে গ্রামের একদল লোক রাতেই কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে স্থানীয় কয়েকজনের অভিযোগ।
এছাড়া জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে বিচারের দাবিতে শনিবার বিকালে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে।
এ ঘটনায় মৃতের ভাই লাবলু মাতুব্বর বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
জাহাঙ্গির মাতুব্বরের বড় ছেলে সাব্বির মাতুব্বর বলেন, রাত সাড়ে ১০টার দিকে তারা ঘুমাতে যান তিনি। রাত ৩টার দিকে সেহরি খাওয়ার জন্য উঠে দেখেন তার মা ঘরে শোয়া, কিন্তু বাবা নেই। এরপর প্রথমে ঘরের শৌচাগারে খুঁজে না পেয়ে বাইরের শৌচাগারে খুঁজতে গিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি আমগাছে তার বাবার লাশ ঝুলতে দেখেন।
এদিকে, জাহাঙ্গির হোসেনের মৃত্যুর খবর জানাজানি হলে রাতে একদল লোক এলাকার নাসিম মাহমুদ, তারা মিয়া, সুরুজ মিয়া, বালা মাতুব্বর, ফারুক মাতুব্বর, জয়গুন বেগম, রেজাউল মাতুব্বর ও মহি মিয়ার বাড়িতে ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে।
এদের মধ্যে নাসিম মাহমুদ বলেন, হামলাকারীরা তার প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিসাধন ও লুটপাট করেছে।
এদিকে, জাহাঙ্গিরের স্বজনদের অভিযোগ তার প্রতিপক্ষের লোকজন হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।
জাহাঙ্গির মাতুব্বরের বড় ছেলে সাব্বির মাতুব্বর বলেন, করোনাভাইরাসের মহামারীতে ত্রাণ বিতরণ নিয়ে এলাকার কিছু লোক তার বাবার বিরুদ্ধে লেগেছিল। তারাই তার বাবাকে হত্যা করেছে।
কাইচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন বলেন, “সম্প্রতি করোনাভাইরাসের কারণে সরকারের দেওয়া খাদ্যবান্ধব কর্মসূচির চাহিদাপত্রে জাহাঙ্গির হোসেন নিজের দুই ভাই, ভাইয়ের স্ত্রী ও ছেলেদের নাম সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন; যদিও ওই তালিকা অনুযায়ী তিনি চাল উত্তোলন করেননি।”
স্থানীয়দের বরাত দিয়ে নগরকান্দা থানার ওসি সোহেল রানা জানান, শনিবার বিকালে হাক হাজারের বেশি লোক ঢাকা-খুলনা মহাসড়কে আধাঘণ্টা মানববন্ধন করে জাহাঙ্গিরের হত্যাকারীদের বিচার দাবি করে। এ সময় তারা পরে মহসড়ক অবরোধ করে।
পরে ইউপি চেয়ারম্যান কবির হোসেন বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় বলে ওসি জানান।
ওসি সোহেল রানা বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা যাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“এ ঘটনায় নিহতের ভাই লাবলু মাতুব্বর বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জাহাঙ্গির হোসেন মাতুব্বর কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দী গ্রামের মৃত বিল্লাল মাতুব্বরের ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলের বাবা। তিনি কাইচাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
