সুস্থ হয়ে বাড়ি ফিরল পিরোজপুরের প্রথম আক্রান্ত রোগী
পিরোজপুরের করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।
শনিবার দুপুরে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান।
ওই ব্যক্তির বাড়ি উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে।
তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন বলে জানা গেছে।
আলী হাসান বলেন, “গত ১১ এপ্রিল ওই ব্যক্তির নমুনার ফলাফলে করোনাভাইরাস পজেটিভ আসে। এরপর ১৬ ও ২৩ তারিখের নমুনা ফলাফলে পর পর নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। তাকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।”
