২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

নির্মাণাধীন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় এক প্রকৌশলী মারা গেছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 02:02 AM

Updated : 18 Aug 2022, 02:55 PM

বৃহস্পতিবার বিকালে প্রকল্পের পারমাণবিক চুল্লির শীতলায়ন টাওয়ারের (কুলিং টাওয়ার) ঢালাই কাজ চলার সময় এ দুর্ঘটনায় আহত প্রকৌশলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

নিহত আব্দুল মবিন (৩৫) পাবনা সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের কেরামত আলী খানের ছেলে। তিনি এ প্রকল্পের ভারতীয় সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান ‘পাহারপুর কুলিং টাওয়ার’ এর প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, রাজশাহী মেডিকেলের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পাবনায় আসবে।

রাজশাহীর রাজপাড়া থানায় ইউডি মামলা হবে। পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার বিকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণাধীন কুলিং টাওয়ারে ২৯০০ লোডের ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ‘বোম প্লেসার’ ভেঙে ওই প্রকৌশলীর মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রকল্পের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এক পর্যায়ে তাকে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ারও প্রস্তুতিও চলছিল। তবে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।