ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের
ময়মনসিংহের হালুয়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার ধারা ইউনিয়ন ও ভূবনকুড়া ইউনিয়নে এই দুই কৃষকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
মৃতরা হলেন ধারা ইউনিয়নের পশ্চিম কুতিকুড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুল হান্নান (৪২) ও ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামের মৃত তইয়ব আলীর ছেলে আবুল কাশেম (৫০)।
হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সকাল ১০টার দিকে আব্দুল হান্নান বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। এক পর্যায়ে বৃষ্টি শুর হলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, দুপুরে ফসলের মাঠে কাজ করার সময় কৃষক আবুল কাশেম বজ্রপাতে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
