২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর ম্যাজিস্ট্রেটদের সবারই করোনাভাইরাস ‘নেগেটিভ’

সন্দেহের কারণে পরীক্ষা করা হলেও নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো ম্যাজিস্ট্রেটের কোভিড-১৯ সংক্রমণ হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 06:50 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বুধবার আইইডিসিআর এ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস। তিনি জেলা করোনাভাইরাস প্রতিরোধ ইমারজেন্সি সেলেরও প্রধান।

ইমরুল বলেন, জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা কোয়ারেন্টিনে যাওয়ায় বিভিন্ন গণমাধ্যমে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে খবর এসেছিল।

“আটজন ম্যাজিস্ট্রেট করোনা পজেটিভ বলা হয়েছে, এটা হিউজ। স্থানীয় কয়েকটি পোর্টাল এবং জাতীয় দু-একটি গণমাধ্যমে এই খবর এসেছে। এই খবরটা মানুষ গ্রহণ করায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে।

“জেলা প্রশাসকের কার্যালয়ের যে কয়েকজনের নমুনা আইইডিসিআর নিয়েছিল সবারই নেগেটিভ এসেছে। আজ বিকেলে আইইডিসিআর বিষয়টি নিশ্চিত করেছে।”

নরসিংদীর ৮ কর্মকর্তাসহ ১১ জন কোয়ারেন্টিনে  

ইমরুল এর আগে বলেছিলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। এ কারণে তাদের দুই ভাগে ভাগ করে পরীক্ষা করা হচ্ছে।

“কারণ কেউ যদি সংক্রমিত হয়, তাহলে পুরো গ্রুপটাকেই আইসোলেশনে চলে যেতে হবে। প্রথমভাগ স্যাম্পল দিয়ে কোয়ারেন্টিনে গেছে। তাদের মধ্যে কেউ যদি পজেটিভ আসে, তাহলে তারা আইসোলেশনে চলে যাবে।”

জেলার পরিস্থিতি তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, বুধবার পর্যন্ত নরসিংদীতে আরও ৩১ জনের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে এ জেলায় এখন পর্যন্ত ১৬৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এপর্যন্ত ১ জন মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১০ জন, রায়পুরায় ৭ জন, পলাশে ২ জন এবং বেলাবো উপজেলায় ১২ জন।