ধান কাটার শ্রমিকদের পাশে আছি: কৃষিমন্ত্রী
এই সঙ্কটকালে বিভিন্ন জেলা থেকে হাওরাঞ্চলে ধান কাটতে যাওয়া কৃষিশ্রমিকরা করোনাভাইরাসে আক্রান্ত হলে সরকার চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন এবং খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের হাওড়ে বোরো ধান কাটা পরিদর্শনের সময় এই আশ্বাস দেন তিনি।
কৃষিমন্ত্রী কৃষকদের সাবান, গামছা ও লুঙ্গি বিতরণ করে বলেন, “আমাদের অনুরোধে শ্রমিকগণ জীবনের ঝুঁকি নিয়ে ধান কাটতে এসেছেন।
“আমরা তাদেরকে উৎসাহিত করতে এবং তাদের প্রতি সহানুভূতি জানাতে এসেছি। সরকার সব সময় তাদের পাশে রয়েছে। কেউ অসুস্থ বা করোনাক্রান্ত হলে সরকারের পক্ষ থেকে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশজুড়ে অবরুদ্ধ অবস্থার মধ্যে হাওরাঞ্চলে বোরো ধান কাটা নিয়ে সঙ্কট দেখা দিয়েছে। তাই ধান কাটতে বিভিন্ন স্থান থেকে প্রশাসনিক উদ্যোগে শ্রমিক পাঠানো হচ্ছে হাওরাঞ্চলে।
কৃষিমন্ত্রী জানান, সারাদেশে এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। এ লক্ষ্যমাত্রার প্রায় ২০ ভাগ আসে হাওরাঞ্চল থেকে।
মঙ্গলবার পর্যন্ত হাওর এলাকায় দুই লাখ ৬১ হাজার শ্রমিক ধান কাটার কাজে নিয়োজিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, “সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি তত্ত্বাবধানে হাওরে শ্রমিক পাঠানো হচ্ছে ধান কাটতে। বড় ধরনের বিপর্যয় না হলে হাওরে কৃষকেরা ধান তুলে ফেলতে পারবেন।”
আগামী ৭ মে’র মধ্যে হাওরাঞ্চলের পুরো জমির ধান কাটা সম্পন্ন করতে চাওয়ার কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী শ্রমিকদের কী কী সমস্যা আছে তা জানতে চান। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করতে বলেন তিনি।
করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে বলে জাতিসংঘের সতর্কবার্তার কথা তুলে ধরে রাজ্জাক বলেন, “করোনার কারণে খাদ্য সংকটে পড়তে পারে পুরো বিশ্ব। দেখা দিতে পারে দুর্ভিক্ষও। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।
“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই মন্দার হাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও মজুদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর নির্দেশনা দিয়েছেন।”
তিনি বলেন, “এ অবস্থায় হাওরের ফসল সুষ্ঠুভাবে ঘরে তোলা জরুরি। আর এটি করতে পারলে বাংলাদেশের ধান উৎপাদনে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সাথে নিশ্চিত করবে খাদ্য নিরাপত্তা। কৃষি মন্ত্রণালয় এসব বিষয় বিবেচনায় নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মুঈদ, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট এর মহাপরিচালক মো. শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিখিল চন্দ্র সেন, নেত্রকোনার জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুন্সী এসময় উপস্থিত ছিলেন।
