নোয়াখালীতে চালের দাবিতে জেলেদের ইউপি কার্যালয় ঘেরাও
নোয়াখালী সদর উপজেলায় চালের দাবিতে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করছে জেলেরা।
সোমবার দুপুরে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের অনুসারীদের সঙ্গে জেলেদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয়রা দাবি করলেও এ বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারে নি।
জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহিম বলেন, “চালের জন্য জেলেরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কিছুটা ‘অপ্রীতিকর পরিস্থিতি’ সৃষ্টি হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে।”
এক পর্যায়ে চেয়ারম্যানের অনসুসারীরা জেলেদেরকে ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাত জেলে আহত হন।
আহতরা হলেন- জবিউল্লা(৫৩), সালাউদ্দিন (৬০), সহিদ উল্লা (৪৫), হারুন (৩২), কহিনুর (২৮), সেলিম (৪০) ও কতবানু (৬৫)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যপারে সরদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার বলেন, “জেলেদের জন্য বরাদ্দকৃত দুই মাসের চাল উত্তোলনে বিলম্বের কারণে যথা সময়ে বিলি করা যায়নি। যার কারণে জেলেদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে দ্রুত চাল বন্টনের আশ্বাসের প্রেক্ষিতে জেলেরা শান্ত হন। ”
সদর উপজেলা খাদ্য কর্মকর্তা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, “গত ৭ এপ্রিল অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মার্চ ও এপ্রিল মাসে জেলেদের জন্য বরাদ্দের চাহিদাপত্র (ডিও লেটার) নেন। চহিদাপত্র অনুযায়ী ১২ এপ্রিলের মধ্যে খাদ্য গুদাম থেকে বরাদ্দকৃত চাল উত্তোলনের সময়সীমা ছিল। এরপরও তিনি চাল উত্তোলন না করায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকতাকে জানানো হয়েছিল।”
