দিনাজপুরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ত্রাণের দাবিতে দিনাজপুর সদর উপজেলার উত্তর গোবিন্দপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এ সময় সড়কের উভয় পাশে আটকা পড়ে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
বেলা ১২টা থেকে দিনাজপুর-রংপুর মহাসড়কে এক ঘণ্টার এ বিক্ষোভে ওই এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়। পরে উপজেলা প্রশাসন ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবরোধে অংশ নেওয়া আদিবাসী নারী কৃষি শ্রমিক প্রভাতি সরেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই এলাকায় কেউ আমাদের সাহায্য দেয়নি। সরকারের পক্ষ থেকে এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও আমাদের কোনো খোঁজ-খবর নিচ্ছে না।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসি বলেন, “কেউ ত্রাণ পায়নি এমন অভিযোগ সত্য নয়, আমাদের ত্রাণ দেওয়ার তালিকা রয়েছে। যারা ত্রাণ পায়নি, তাদের দ্রুত সময়ের মধ্যে ত্রাণ দেওয়া হবে।”
