বিদ্যুতের খুঁটিতে বাঁধা ছিল ট্রাক চালককে লাশ, হত্যার অভিযোগ
ফেনীর সোনাগাজীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কবির আহম্মদ (৫৫) নামের ওই ট্রাক চালককে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের দাবি বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরে সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি এলাকা থেকে কবিরের লাশ উদ্ধার করা হয়। তিনি ছাড়াইতকান্দি গ্রামের ওসমান মিঝি বাড়ীর শেখ আহম্মদের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন বলেন, কবির আহম্মদ সোমবার সকালে ঘর থেকে বের হন। পরে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তাকে খুঁজতে বের হয়।
“এক পর্যায়ে তারা বাড়ির অদূরে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে কবিরকে বাঁধা অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।”
ওসি বলেন, “নিহতের পরিবারের দাবি, সম্পত্তির বিরোধের জের ধরে কবিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।”
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
