২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে উদ্ধার নারী করোনাভাইরাসে ‘আক্রান্ত নয়’

সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 01:15 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজমুল হুদা মিঠু ওই নারীর নমুনা পরীক্ষার রিপোর্টের বরাতে সোমবার সাংবাদিকদের এ কথা জানান।

ষাটোর্ধ ওই নারীকে শনিবার রাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

স্থানীয়রা জানান, জয়নাবাড়ি এলাকায় ওই নারীকে একা বসে থাকতে দেখে করোনাভা্ইরাস আতঙ্কে তার কাছে যায়নি কেউ। পরে প্রশাসনের লোকজনকে খবর দিলে তারা গিয়ে ওই নারীকে উদ্ধার করে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হুদা মিঠু বলেন, “ওই বৃদ্ধার করোনাভাইরাসের নমুনা রোববার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হলে তার রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ আসে। এখনও তাকে স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখা হয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি কোনো কথাই বলছেন না। এখন আমাদের কিছুই করার নেই, পরবর্তী যা করার প্রশাসন করবে।”

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বলেন, “অজ্ঞাত পরিচয় ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে তবে তিনি কোন কথাই বলেছেন না। তাই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না, তাকে করোনাভাইরাসে আক্রান্ত ভেবে স্বজনেরা ফেলে গিয়েছে কি না?”

তার নাম-পরিচয় এবং একই সঙ্গে তিনি কিভাবে সাভারে এসেছেন তা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান এ নির্বাহী কর্মকর্তা।