২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে কৃষকের পাশে সিপিবি

বাগেরহাটের ক্ষেতে পেকে যাওয়া বোরো ধান কাটতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সিপিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 10:40 AM

Updated : 10 Oct 2022, 07:07 PM

পুরনো খবর:

ধান কাটতে হাওরে ফিরছে চট্টগ্রামের শ্রমিকরা
হাওরে ধান কাটতে অন্য জেলার শ্রমিক আনার উদ্যোগ

সদর উপজেলার হাড়িখালী এলাকায় রোববার সকালে তারা এই কর্মসূচি শুরু করেন।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া অত্যন্ত ছোঁয়াচে কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকাই এখন পর্যন্ত সেরা উপায় বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

অন্য অনেক দেশের মত বাংলাদেশ সরকারও প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। অনেক জেলা থেকে বের হওয়া এবং ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।

গণপরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন জেলায় পেকে যাওয়া বোরো ধান কাটার শ্রমিক মিলছে না। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে প্রশাসনের পাশাপাশি বাম সংগঠন সিপিবি।

বাগেরহাট সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাভাবিক সময়ই কৃষকরা শ্রমিক সংকটে থাকেন। এবার করোনাভাইরাসের কারণে এই সংকট তীব্র হয়েছে।

“তাই আমরা স্বেচ্ছাশ্রমে কৃষকদে ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব। আমরা অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।”

সরকার যেন ধানের নায্য মূল্য নিশ্চিত করে সেই দাবি জানিয়েছেন তিনি। এদিকে ধান কাটার জন্য সরকারও উদ্যোগ নিয়েছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, “ধান কেটে ঘরে তোলা এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুই হাজার ২০০ শ্রমিকের তালিকা প্রস্তুত করেছি। এই শ্রমিকরা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কাটেন সেই চেষ্টা করা হবে।”

বাগেরহাটে এ বছর ৫২ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে জানিয়ে তিনি বলেন, এর ৮০ শতাংশই হাইব্রিড।  ২৫ এপ্রিল নাগাদ এই ধান পুরোদমে কাটা শুরু হবে। চলবে ১৫ মে পর্যন্ত।