করোনাভাইরাস রোধে পুলিশ হাতে নিল তুলি
করোনাভাইরাসের বিশ্ব মহামারীর প্রকোপ ঠেকাতে ফরিদপুরে পুলিশ জনগণকে সচেতন করতে লাঠি-বন্দুক নামিয়ে হাতে তুলে নিয়েছে শিল্পীর তুলি।
রোববার সন্ধ্যা থেকে ফরিদপুর শহরের সড়কে সড়কে আল্পনায় করোনাভাইরাস এঁকে এই সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয় পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, “মানুষের মাঝে করোনাভাইরাসের ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন-যাতে মানুষের মনে দাগ কাটে।
“করোনা আক্রান্ত হলে শুধু একজন মাত্র আক্রান্ত হবেন না বরং ঝুঁকি থেকে তার পরিবারও বাদ যাবে না। এজন্য সবারই উচিত এ সময়ে ঘরেই থাকা।”
সরকার ঘরে থাকার নির্দেশ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যাতে মানুষ সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ হয় সেজন্য আমরা গুরুত্বপূর্ণ সড়কে এভাবে করোনাভাইরাস সম্বলিত আল্পনা এঁকে জনগণকে সচেতন করছি।”
ফরিদপুরের পুলিশ বিভাগের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম তুলি হাতে বিভিন্নস্থানে এ আল্পনা আঁকছেন। রোববার রাতে তাকে শহরের জনতা ব্যাংকের মোড়ে আল্পনা আঁকতে দেখা যায়।
ফরিদপুরের কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, শহরের থানার মোড়, জনতা ব্যাংকের মোড়, ভাঙ্গা রাস্তার মোড় ও পুলিশ সুপারের কার্যালয়ে প্রথম দিনে এ আল্পনা আঁকা হয়েছে।
“আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এভাবে আল্পনা আঁকা হবে।”
জনসচেতনার জন্য প্রচারপত্র বিলি ছাড়াও মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিলি করে পুলিশ। তাড়াছা অনেক অসহায় পরিবারকে পুলিশ সদ্যস্যরা বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে খাবার।
