কোভিড-১৯: গাজীপুরে পরীক্ষায় পজিটিভ ১৩ শতাংশ
গাজীপুরে করোনাভাইরাস সংক্রমণের যত নমুনা পরীক্ষা করা হয়েছে তার ১৩ শতাংশের ফল পজিটিভ এসেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দেশে নতুন করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর নারায়ণগঞ্জ ও ঢাকায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। এছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে নতুন নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।
গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম বলেন, গাজীপুরে এ যাবৎ (শনিবার পর্যন্ত) এক হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
“সেই হিসাবে জেলায় কোভিড-১৯ সংক্রমণের হার ১৩ শতাংশ।”
সিভিল সার্জন অফিসে কর্মরত জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, এ যাবৎ গাজীপুরে ১০ জন চিকিৎসক, ৪১ জন স্বাস্থ্যকর্মী, সাত জন নার্স, একজন সাংবাদিক এবং পাঁচ জন পুলিশসহ ১৬১ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
“তারা সবাই আইসোলেশনে রয়েছেন; এ যাবৎ গাজীপুরে করোনাভাইরস সংক্রমণের লক্ষণ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।”
জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে বলেও তিনি জানান।
রোববার বিকালে তিনি জানান, সর্বশেষ রোববার ১৬৩ জনের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। এ নমুনার ফল এখনও পাওয়া যায়নি।
দেশে এ পর্যন্ত ২৪৫৬ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ৭৫ জন।
