কোভিড-১৯: ভারতের ৬১ ট্রাকচালক আটকে বুড়িমারী বন্দরে
নতুন করোনাভাইরাসের দোহাই দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের ‘অবহেলায়’ সেদেশের পণ্য নিয়ে বাংলাদেশে আসা ৬১টি ট্রাকের চালকরা দেশে ফিরতে পারছেন না; এখানে কাটাচ্ছেন মানবেতর জীবন।
গত ৪ এপ্রিল তারা পাটবীজ নিয়ে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর হয়ে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করেন। কিন্ত কোভিড-১৯ সংক্রমণের অজুহাত দিয়ে এখন তাদের আর ফিরতে দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ।
সিএন্ডএফ নেতা ও স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে পাটবীজ নিয়ে বুড়িমারী স্থলবন্দরে আসে ট্রাকগুলো। সেদেশে লকডাউন ও সিএন্ডএফ এজেন্টরা আমাদানি-রপ্তানি বন্ধ রাখায় সেগুলো ১৪দিন সীমান্তের ওপারে আটকে ছিল। পরে উভয় দেশের সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে গত ৪ এপ্রিল এই ৬১টি ভারতীয় ট্রাককে বুড়িমারী স্থলবন্দরে পাঠানো হয়।
শনিবার দুপুরের দিকে বুড়িমারী স্থলবন্দর গিয়ে দেখা যায়, বন্দরের দেয়াল ঘেরা চত্বরে রাখা হয়েছে অসংখ্য ট্রাক। এর একটির কেবিনে বসে নামাজ শেষে দুহাত তুলে কেঁদে কেঁদে প্রার্থনা করছিলেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। তিনি বারবার সৃষ্টিকর্তার কাছে হিন্দিতে আবেদন জানাচ্ছেন তাকে বন্দিদশা থেকে মুক্তি দিয়ে পরিবার-পরিজনের কাছে ফিরিয়ে দেওয়ার।
মোনাজাত শেষে কথা বলে জানা যায় তার নাম ইজাহার আলী। বাড়ি ভারতের বিহার রাজ্যের মতিহার জেলার পশ্চিম চম্পারন। ভাঙা ভাঙা বাংলায় কথা বলেন তিনি।
ইজাহার আলী জানান, বাড়িতে তার একমাত্র ছেলে ও স্ত্রী থাকেন। সেদেশে লকডাউন শুরু হওয়ার পর পড়ে গিয়ে স্ত্রীর কোমর ভেঙে গেছে। ছেলেটি ধার-দেনা করে মাকে নিয়ে যাচ্ছেন অনেক দূরের হাসপাতালে।
তিনি বাংলাদেশে যারা তার খাবার-আশ্রয়ের ব্যবস্থা করেছেন বারবার তাদের জন্য এবং বাংলাদেশের জন্য দোয়া করছিলেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, চারপাশে দেয়াল ঘেরা বুড়িমারী স্থলবন্দরের প্রধান ফটক দুটি তালাবদ্ধ। এর ভেতরে সারি-সারি ভারতীয় ট্রাক ও চালকরা। তাদের কয়েকজন মিলে এক একটি দলে ভাগ হয়ে চলছে রান্না খাওয়া। মাটিতে যেখানে সেখানে বসেই চলছে খাওয়া-দাওয়া হচ্ছে।
রাতে তারা ট্রাকের কেবিনে কিংবা ট্রাকের পেছনে ঘুমাচ্ছেন বলে জানান। তাদের অনেকের পরনের কাপড় মলিন হয়ে পড়েছে।
ভারতের মালদহ শহরের ট্রাক চালক মিসতাহাদ হুসেন বলেন, “এখনও ভারত থেকে ফিরছেন বাংলাদেশিরা; কিন্তু আমরা ভারতীয় হয়েও নিজের দেশে ফিরতে পারছি না। এটার জন্য বাংলাদেশ সরকারের কোনো দোষ নেই। ভারতের সরকারই আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। এভাবে চলতে থাকলে আমরা এখানেই মরে যাবে।”
মুর্শিবাদাবাদ জেলার লালগোলার বাসিন্দা আরেক চালক জহিরুল ইসলাম বলেন, “আমাদের পাটবীজ নিয়ে পাঠাল; কিন্তু আমাদের আর ফিরিয়ে নিচ্ছে না। আমাদের যদি ফিরিয়ে না নিবে তাহলে তারা (ভারতীয় কর্তৃপক্ষ) কেন এ দেশে পাঠাল?”
আরেক চালক দোলন ঘোষ বলেন, “আমরা গরিব মানুষ; তাই আমরা এখানে এসেছিলাম। আর সরকারিভাবে আমাদের না পাঠানো হলে তো আমরা এখানে আসতে পারতাম না। আর বুড়িমারী বা চ্যাংরাবান্ধা কোথাও করোনাভাইরাস নেই। অথচ আমাদের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কারণে আমরা এতদিন ধরে এক কাপড়ে এখানে আটকে আছি।”
ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার মোবাইল ফোনে বলেন, “আমরা বারবার তাগাদা দেওয়ার পরও করোনাভাইরাসের কথা বলে ট্রাক ও চালকদের ফিরিয়ে আনছে না ভারত।”
বুড়িমারীর সিএন্ডএফ এজেন্ট মেসার্স করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ফারুক হোসেন বলেন, “পাটবীজ নিয়ে ট্রাকগুলো যেদিন এসেছে সেদিনই তাদের ফিরিয়ে নেওয়ার কথা; কিন্তু তাদের সরকার এখন এদিকে নজর দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে ওইদিন থেকে মানবিক কারণে আমি মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করছি।”
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) সোমেন কুমার চাকমা বলেন, “বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভারত থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।”
লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, “ভারতীয় ট্রাক চালকরা আটকে পড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে আমি উচ্চ পর্যায়ে কথা বলেছি। পাশাপাশি ভারতের কোচবিহারের জেলা শাসকের (ডিএম) সাথেও কথা বলেছি। ওইসব ভারতীয়কে ফিরিয়ে নেওয়া নির্ভর করছে সেদেশের ওপর।”
