২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘ইয়াবা বিরোধের জেরে’ গলা কেটে খুন

কক্সবাজার শহরে ‘পূর্ব বিরোধের জেরে’ প্রতিপক্ষের লোকজন গলা কেটে করে একজনকে খুন করেছে; এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 12:05 AM

Updated : 18 Aug 2022, 02:53 PM

শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলীর ইউসূলের ঘোনায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুম খান।

পুলিশের বলছে, ‘ইয়াবা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’

নিহত সাইদুর রহমান ওরফে বিডিআর ছৈয়দ (৬০) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইউসূলের ঘোনার গোলাম কবিরের ছেলে।

ঘটনায় আহত হয়েছে, নিহতের স্ত্রী লাভলী আক্তার (৪৮), ছেলে মানিকুর রহমান ওরফে জুয়েল (৩০) ও ভাই খোরশেদ আলম (৪৭)।

এদিকে পুলিশ ঘটনায় জড়িত আলমগীর নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের বেশকিছু সামগ্রী উদ্ধার করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহতের স্বজন ও স্থানীয়দের উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা মাসুম খান জানান, কক্সবাজার শহরের পাহাড়তলী ইউসূলের ঘোনার বাসিন্দা ফরিদের ছেলে আলমগীর তার বাড়িতে ইয়াবা বিক্রির পাশাপাশি সেবনের আসর বসাতেন। এ নিয়ে প্রতিবেশী সাইদুর রহমান ওরফে বিডিআর ছৈয়দ ও তার পরিবারের লোকজন প্রতিবাদ জানায়। এছাড়া আলমগীরের পরিবারের লোকজন এবং ইয়াবা কিনতে আসা লোকজন সাইদুর রহমানের বাড়ির সীমানা দিয়ে আসা-যাওয়া করত। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

"সম্প্রতি আলমগীর ইয়াবা ব্যবসা নিয়ে বেপরোয়া হয়ে ওঠে। দিন-রাতে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় আলমগীরদের চলাচলের পথ বন্ধ করে দেয়।"

তিনি বলেন, "শনিবার রাতে পূর্ব বিরোধের জেরে সাইদুর রহমানের উপর প্রতিপক্ষ আলমগীরের লোকজন সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করতে আসলে তাদের উপরও হামলা চালায়। এতে সাইদুর রহমানসহ চারজন আহত হন।"

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন বলে জানান মাসুম।

পুলিশ কর্মকর্তা জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাইদুর রহমানের ঘাড়ের গভীর ক্ষত হয়েছে। এছাড়া তার ছেলের মানিকুর রহমান ওরফে জুয়েলের অবস্থাও আশঙ্কাজনক। 

নিহতের ভাই ছৈয়দ আলম বলেন, “আলমগীর একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। সে নিজের বাড়িতে ইয়াবা বিক্রির পাশাপাশি সেবনের আসর বসাত।” 

এ নিয়ে তার বড় ভাই সাইদুর রহমান প্রতিবাদ ও বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ওসি মাসুম জানান, ঘটনার পর জড়িত আলমগীরের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সেবনের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।