২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেলের ১০টি ভেন্টিলেটর সচল হলো

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট হওয়া কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্রগুলোর মধ্যে দশটি সচল করা হয়েছে; এখনও অচল রয়েছে ছয়টি।

শেখ মফিজুর রহমান শিপন

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 08:19 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

পুরনো খবর:

ফরিদপুরের মেডিকেলের ১৬ ভেন্টিলেটরই নষ্ট

শনিবার পর্যন্ত এই দশটি যন্ত্র চালু হওয়ায় কথা নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক সাইফুর রহমান।

এরপর হাসপাতালের দীর্ঘদিনের অচল থাকা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে বলেও সাইফুর রহমান জানান।

এ বিষয়ে গত ৭ এপ্রিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘ফরিদপুরের মেডিকেলের ১৬ ভেন্টিলেটরই নষ্ট’ শিরোনমে একটি সংবাদ প্রকাশিত হয়।

সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সম্প্রতি আমরা আইসিইউ ইউনিটটি চালু করার উদ্যোগ নিতে গিয়ে দেখি সেখানকার ১৬টি বিশেষায়িত শয্যার কৃত্রিম শ্বাসস-প্রশ্বাসের (ভেন্টিলেশন) সব মেশিনই অচল হয়ে রয়েছে। এরপর ঢাকা থেকে প্রকৌশলী এনে সেগুলো মেরামতের উদ্যোগ নেই।”

তিনি বলেন, “এ পর্যন্ত ১০টি ভেন্টিলেটর সচল করা সম্ভব হয়েছে। আপাতত এসব শয্যা দিয়েই আমরা আইসিইউ ইউনিট চালু করার উদ্যোগ নিয়েছি। বাকিগুলো পরবর্তীতে মেরামতের ব্যবস্থা করতে হবে।”

তিনি জানান, এখনও অচল হয়ে থাকা ছয়টি ভেন্টিলেটর সচল করতে প্রয়োজনীয় সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হবে; যার জন্য অনেক প্রক্রিয়া অবলম্বন করতে হবে।

প্রায় পাঁচ বছর আগে এ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আ ইসিইউ) ইউনিট চালুর কারতে ১৬ শয্যার জন্য ১৬টি ভেন্টিলেটর আনা হয়। কিন্তু সম্প্রতি করোনাভাইরাস সংক্রান্ত জটিলতা সৃষ্টি হওয়ার পর ওই ১৬টি ভেন্টিলেটর পরীক্ষা করে দেখা যায় একটিও কাজ করে না। এরপরই সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়।