করোনাভাইরাস: নওগাঁয় উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে নওগাঁয় ফেরার পর এক ব্যক্তি মারা গেছেন।
উপজেলার চকদেবপাড়ার বাসায় শুক্রবার সকাল ৬ টার দিকে ৬০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ জানান।
তিনি বলেন,“দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন ওই ব্যক্তি। দুইদিন আগে তিনি ঢাকা থেকে সর্দি-জ্বর নিয়ে বাড়ি ফেরেন। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।”
শুক্রবার বাদ জুম্মা ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ওই ব্যক্তির লাশ নওগাঁ সরকারি কবরস্থানে দাফন এবং তার পরিবারের আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান মনজুর।
