গাইবান্ধায় ৫০ বস্তা চালসহ দুইজন আটক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি ৫০ বস্তা চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৪৫) ও একই গ্রামের আলিফ উদ্দিনের ছেলে আয়নাল হক (৪০)।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন তারা। একটি ভাড়া বাড়িতে এই চাল মজুদ করা হয়েছিল। খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে বিক্রির চাল ও ত্রাণের চাল পাওয়া গেছে। মোট ৫০ বস্তা চাল, যার প্রত্যেক বস্তায় রয়েছে ৩০ কেজি করে। চালের বস্তাগুলোয় খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে।
আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি বলেন, ‘সুবিধাভোগীদের কাছ থেকে তারা এসব চাল কিনে মজুদ করেছেন। ত্রাণের চাল কেনা ও মজুদ করা দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় মকবুল হোসেন ও আয়নাল হকসহ ছয়জনের নামে ও অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।
