বাগেরহাটে আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু
বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া ৬০ বছরের বেশি বয়সী একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের রায়পাড়ায়।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির রাতে বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার বাড়িতে থাকতেই এ রোগীর হঠাৎ শাসকষ্ট বাড়লে স্বজনরা তাকে নিয়ে হাসপাতালে আসেন।
“আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করি। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।”
রোগীর স্বজনদের উদ্ধৃত করে চিকিৎসকরা জানান, গত ১৪ এপ্রিল অসুস্থ্ হলে তাকে পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার লিভারে বেশকিছু সমস্যা ধরা পড়ে। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
তারা জানান, পরদিন রোগীর স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। ওই দিন থেকে এ রোগীর মলমূত্র বন্ধ হয়ে যায়। এতে রোগীর পেট ফুলে হঠাৎ শাসকষ্ট বাড়ে।
করোনাভাইরাসের সংক্রমণে তার মৃত্যু হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করছি উল্লেখ করে সিভিল সার্জন বলেন, “করোনার আইসোলেশন ওয়ার্ডে রোগীর মৃত্যু হওয়ায় তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।”
