২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই যুবক ও এক শিশু মারা গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 07:35 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে জেলার বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়।  

সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, ওই তিনজনের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে। একজনের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এবং আরও একজনের বাড়ি শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামে।

মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, “বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দুর্গাপুরের শিকারীকান্দি গ্রামে বাড়িতে ২৬ বছর বয়সী এক যুবক মারা যান।

“তার শ্বাসকষ্ট এবং হার্টের সমস্যা ছিল।”

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত জাহান মিথেন বলেন, “আমরা ও্ই যুবকের নমুনা সংগ্রহ করব। এরপর নিয়ম অনুযায়ী তাকে দাফন করা হবে।”

এদিকে ৩০ বছর বয়সী আরেক যুবকের শ্বাসকষ্ট ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে যা্ওয়ারপথে মারা যান বলে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান।

ওই যুবকের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

সাজেদা বলেন, “যেহেতু ওই এলাকায় আগে থেকেই একটি করোনাভাইরাস পজেটিভ কেস আছে। তাই মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তার সম্পন্ন করা হবে।”

শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে ছয় বছর বয়সী এক শিশু নিউমোনিয়াসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে গেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান।

তিনি বলেন, “শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি না। এছাড়া শিশুটির বাড়ি লকডাউন করা হয়েছে।”

এদিকে গত কয়েকদিনে জেলায় লকডাউনের মধ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা প্রায় ১ হাজার ৩০০ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সিভিল সার্জন জানান।

তিনি বলেন, “আমরা চাঁদপুর জেলা থেকে যাদের নমুনা পাঠিয়েছি তার মধ্যে এ পর্যন্ত জীবিত এবং মৃত মিলে নয় জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।”