‘মাদক বিক্রেতাকে ধমকিয়ে’ খুন হলেন ছাত্রনেতা
‘মাদক বিক্রেতাকে ধমকানোর কারণে’ যশোর সদরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী। এ সময় নিহতের ছোটভাই গুরুতর জখম হয়েছেন।
বুধবার রাতে রাত ১১টার দিকে বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়ায় নিজ বাড়ির তারা হামলার শিকার হন তাদের বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সালেক আলী জানান।
নিহত সাব্বির আহমেদ রাসেল (২৫) বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক ছিলেন।
আহত আল-আমিনকে (৩৪) যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বাবা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সালেক আলী বলেন, রাতে তিনিসহ তার দুই ছেলে বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়ায় তাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন।
“এ সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কয়েকজন সেখানে বেপরোয়া চলাফেরা করায় রাসেল তাদেরকে ধমক দেয়। এতে ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ পর দুর্বৃত্তরা দলবলসহ ফের সেখানে গিয়ে রাসেল ও আল-আমিনকে কুপিয়ে জখম করে।”
তিনি জানান, এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। আল-আমিনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
যশোর জেনালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, আল-আমিনের অবস্থাও সঙ্কটাপন্ন। তাকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি হয়েছে। পুলিশ খুনিদের ধরতে অভিযান চালাচ্ছে।”
