রংপুর জেলা অবরুদ্ধ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রংপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার বিকালে জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়-প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত ও জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে রংপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হল। বুধবার রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অবরুদ্ধ বলবৎ থাকবে। এ সময় যে কোনো পথে রংপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বের হ্ওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হল।”
এতে আরও বলা হয়, অবরুদ্ধ সয়য়ে জেলায় স্ব ধরনের গণপরিবহণ চলাচল ও জনসমাগম বন্ধ থাকবে। তবে রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।”
এছাড়া পূর্বের ন্যায় জেলায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে ওই সব জেলার লোকজন অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে। এই পরিপ্রেক্ষিতে রংপুর জেলাকে করোনাভাইরাসের ঝুঁকিমুক্ত রাখতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
