২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ত্রাণের চাল উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার এক মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ৬৭ বস্তা ত্রাণের (জিআর) চাল উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 06:56 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের ট্রাকরোড পালপাড়ার বাসা থেকে বুধবার দুপুরে চালগুলো উদ্ধার করা হয় বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা জানান।

ইউএনও বলেন, মঙ্গলবার চাঁদপুর সিএসডি গোডাউন থেকে সরকারি ত্রাণের চালের বস্তাগুলো আবিদা সুলতানা বাসায় নিয়ে রাখেন বলে জেলা প্রশাসন ও পুলিশ খবর পায়। পরে তার বাসা থেকে চালগুলো উদ্ধারের পর সদর উপজেলার গোডাউনে নিয়ে রাখা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আবিদা সাংবাদিকদেরকে বলেন, “জিআর বরাদ্দের চাল ইউনিয়নের গরীবদের মাঝে বিতরণের কথা। ইউনিয়ন পরিষদ এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, আমি চিন্তা করেছি ইউনিয়নে না দিয়ে আমার বাসার আশাপাশে শহরের লোকদের মাঝে দিব। সেই সুবিধার্থে বাসায় এনে রেখেছি।”