কিশোরগঞ্জে চিকিৎসক আক্রান্তে স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ
তিন চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ হাসপাতালের চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
তিনি বলেন,“স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকের স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। স্ত্রীর কর্মক্ষেত্রের সুবাদে ওই ব্যক্তির এ হাসপাতালে যাতায়াত ছিল। পরে ওই নারী চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে হাসপাতালের ১৪ চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় এবং তাদের নমুনা সংগ্রহ করা হয়।
“তাদের মধ্যে তিন চিকিৎসকের রির্পোটে করেনাভাইরাস পজেটিভ হলে হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।”
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রোগীদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিয়ে জরুরি বিভাগসহ সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সিভিল সার্জন বলেন, জেলায় এ পর্যন্ত চার চিকিৎসকসহ ১৮জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় তিন চিকিৎসকসহ আটজন রয়েছেন।
