মুন্সীগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘ডাকাত’ নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন, যাদের ‘ডাকাত’ বলছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বেজগাঁও বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-লৌহজং সার্কেল) আসাদুজ্জামান জানান।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়া বলেন, ‘ডাকাতরা’ ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গুলিবিদ্ধ দুজনের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের পরিচয় জানা যায়নি।
মুন্সীগঞ্জ র্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, “ঘটনাটি ঘটেছে র্যাব-২ এর সাথে। শরীয়তপুর জেলার গোসাইরহাটে কয়েকদিন আগে একটি ডাকাতি হয়েছিল। সে ডাকাতদের র্যাব-২ অনুসরণ করছিল। পরে শ্রীনগরের বেঁজগাঁও এলাকায় বন্দুকযুদ্ধ হয়। এই ডাকাতরা পদ্মার ওপার থেকে এদিকে আসছিল।”
এই ঘটনায় কনস্টেবল মনির ও সৈনিক নাসির আহত হয়েছেন বলেও তিনি জানান।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, তিন মাস যাবত ডাকাত সদস্যদের নজর রাখা হচ্ছিল। তারা শরীয়তপুরসহ ঢাকার আশপাশের জেলাগুলোতে ডাকাতি করে আসছিল।
“গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালালে এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়।”
এ সময় সেখান থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৭ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
